শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া সীমান্ত এলাকা থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় তৈরি পোশাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পোশাকের আনুমানিক সিজার মূল্য ১১ লাখ ৬ হাজার ৫০০ টাকা। বুধবার (৪ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তবর্তী রাংটিয়া এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় চোরাই পথে আনা ভারতীয় তৈরি পোশাকগুলো জব্দ করা হয়। বিজিবি জানায়, অভিযানের সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।