শান্তিপূর্ণ উৎসব মূখর পরিবেশে নেত্রকোনার পূর্বধলায় উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে পূর্বধলা বাজারে জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনে ৯টি পদে দুটি প্যানেলের মোট ১৮ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। প্যানেল দুটি হচ্ছে, ‘মোস্তফা, আশিক, রতন পরিষদ’ এবং ‘রুপন, নিলয়, মোশারফ পরিষদ’। ‘মোস্তফা, আশিক, রতন পরিষদ’ থেকে চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীক নিয়ে মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা। ভাইস চেয়ারম্যান পদে বই প্রতীক নিয়ে আগিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশিক মাহমুদ এবং সেক্রেটারি পদে দোয়াত-কলম প্রতীক নিয়ে মেঘশিমুল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ রতন খান অংশগ্রহণ করছেন। পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফারুক হোসেন ফকির (ডাব), জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আরিফুজ্জামান (টিউবওয়েল), ইচুলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানভীর আঞ্জুম (মই), নারায়ণডহর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরিদা আকন্দ (ঝুড়ি), হোগলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলরুবা বেগম (টেলিভিশন) এবং শালদীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদা ইয়াছমীন (কলসি)। অন্যদিকে, ‘রুপন, নিলয়, মোশারফ পরিষদ’ থেকে চেয়ারম্যান পদে চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর আনোয়ার আহাম্মদ (রুপন)। ভাইস চেয়ারম্যান পদে আপেল প্রতীক নিয়ে পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর মো. গোলাম মোশারফ এবং সেক্রেটারি পদে ফুটবল প্রতীক নিয়ে ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিলয় চক্রবর্তী। এ প্যানেলের পরিচালক পদে রয়েছেন, আতকাপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. এমদাদুল হক মিলন (মোরগ), পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বদরুজ্জামান তালুকদার (জুয়েল) (বাইসাইকেল), রামকান্দা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সোহাগ তালুকদার (মাছ), ধোপাডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল (বৈদ্যুতিক বাল্ব), নারায়ণডহর উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর মো. কবীর শেখ (বালতি) এবং সাত্যাটি বেড়াইল আক্তার খান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মলি রানী রায় (হাঁস)। নির্বাচনে উপজেলার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, দাখিল ও প্রাথমিক পর্যায়ের ৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৪৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচন সংশ্লিষ্টদের ধারণা, দুই প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেশ জমে উঠেছে। ফলে শেষ পর্যন্ত কোন প্যানেল জয়ী হবে, তা নিয়ে ভোটার ও সমর্থকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। উভয় প্যানেলের প্রার্থীরাই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। নির্বাচন কমিশনার ও উপজেলা সমবায় কর্মকর্তা তরুলতা সাহা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে দুটি বুথে প্রিসাইডিং অফিসারসহ প্রয়োজনীয়সংখ্যক ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রার্থী ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও জানান, সকাল ১১টা ৪৫ মিনিট পর্যন্ত মোট ১৪৯ জন ভোটারের মধ্যে ৮০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সে হিসাবে ওই সময় পর্যন্ত ভোট পড়ার হার ছিল ৫৩ দশমিক ৬৯ শতাংশ। বেলা সাড়ে ১১টায় ভোটকেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।