শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানিতে ১২৪ জন সেবাপ্রার্থী তাঁদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেছেন। এর মধ্যে ৯৯ জনকে আর্থিক সহায়তা, একজনকে হুইলচেয়ার এবং একজনকে ওষুধ কেনার জন্য সহায়তা দেওয়া হয়েছে। আজ বুধবার (৪ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। সরকারি কাজে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অবস্থান করায় গণশুনানিতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ। গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সেবাপ্রার্থীরা চিকিৎসা সহায়তা, আর্থিক অসচ্ছলতা, শিক্ষা, বাসস্থান, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা, ভূমি-সংক্রান্ত সমস্যা ও বিভিন্ন নাগরিক সেবা নিয়ে তাঁদের আবেদন ও অভিযোগ তুলে ধরেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সেবাপ্রার্থীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। পাশাপাশি সমস্যার ধরন অনুযায়ী তাৎক্ষণিক সহায়তা, প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন। জেলা প্রশাসকের নিজস্ব তহবিল থেকে ৯৯ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এ ছাড়া একজনকে হুইলচেয়ার এবং অন্য একজনকে ওষুধ কেনার জন্য সহায়তা প্রদান করা হয়। অন্য আবেদনকারীদের সমস্যার সমাধানে তাঁদের আবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। জনসাধারণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, নাগরিকদের সমস্যা সরাসরি শোনা এবং দ্রুত প্রতিকারের লক্ষ্যে জেলা প্রশাসন, শেরপুর নিয়মিত এ গণশুনানি কার্যক্রম পরিচালনা করে আসছে।