“সমতা, শান্তি ও স্বীকৃতি”এই স্লোগানকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামে শান্তি, সমতা ও আস্থার বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সিএইচটি সম্প্রীতি জোট।
পবিত্র মাহে রমজান উপলক্ষে রবিবার (৮ মার্চ) বান্দরবানে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখাই শান্তি প্রতিষ্ঠার প্রধান শর্ত। তিনি আরও বলেন, “কীর্তি প্রদ্যুৎ দেববর্মণকে তার ‘মিথ্যা ও উস্কানিমূলক’ মন্তব্য অবিলম্বে প্রত্যাহার করে বাংলাদেশের জনগণের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের নাগরিকরা যেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করেন সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।”
তিনি পবিত্র রমজান মাসকে আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মাস উল্লেখ করে বলেন, এই মাস মানুষের মধ্যে সহানুভূতি ও সম্প্রীতির চেতনা জাগ্রত করে। তাই এই সময় সবাইকে ভেদাভেদ ভুলে শান্তি ও উন্নয়নের পথে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও পার্বত্য চট্টগ্রামের শান্তি, সমৃদ্ধি এবং সামগ্রিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।