রাজবাড়ী জেলার গোয়ালন্দে অবৈধভাবে ১৮০০ লিটার জ্বালানি তেল (ডিজেল) মজুত রাখার অপরাধে এক ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে গোয়ালন্দ উপজেলার হামিদ মৃধার হাট এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। অভিযুক্ত ব্যবসায়ীর নাম মো. নান্নু মৃর্ধা। তিনি হামিদ মৃধার হাট এলাকার নান্নু স্টোর-এর স্বত্বাধিকারী। জানা গেছে, গোপনে নিয়মবহির্ভূতভাবে বিপুল পরিমাণ ডিজেল তেল মজুত করে রাখার অভিযোগের ভিত্তিতে নান্নু স্টোরের গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে ১৮০০ শ’ লিটার ডিজেল তেল অবৈধভাবে মজুত রাখার সত্যতা পাওয়া যায়। পরে জ্বালানি তেলের অবৈধ মজুদের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নিয়মবহির্ভূতভাবে তেল মজুত রাখার প্রমাণ পাওয়ায় ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একই সাথে ওই তৈল দ্রুত বিক্র করতে নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।