শেরপুরের নকলা উপজেলায় চন্দ্রকোনা-নারায়ণখোলা মহাসড়কে অবৈধভাবে গাছের গুঁড়ি রেখে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৫ জনকে মোট ৫৪ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩০ অক্টোবর) মহাসড়ক আইন, ২০২১ অনুযায়ী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাঁদের এ অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপ-প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাদিউর রহমান। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অভিযান সফল করতে এসআই মাজহারুল ইসলামসহ পুলিশের একটি দল দায়িত্ব পালন করে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মহাসড়কের ওপর অবৈধভাবে গাছের গুঁড়ি রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার দায়ে এ অভিযান পরিচালনা করা হয়। প্রশাসন জানায়, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দূর্ঘটনা প্রতিরোধ এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।