কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিকেলে এই অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সাহেবের চর বক্ষ্রপুত্র নদী থেকে অবৈধ বালু উত্তোলনের সময় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ম্যাজিস্ট্রেট) কাজী নাহিদ ইভা ও সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ।
‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ লঙ্ঘন করে নদী থেকে অবৈধভাবে বেকু দিয়ে বালু উত্তোলনের সময় অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী অপরাধ স্বীকার করায় তাকে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা জানান, “অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর পাশে থাকা ফসলী জমির ব্যাপক ক্ষতি হচ্ছে । আইন অমান্য করে যারা নদী থেকে বালু উত্তোলন করছেন, তাদের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।” জনস্বার্থে এবং নদী রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও তিনি হুঁশিয়ারি প্রদান করেন।