রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকায় দীর্ঘদিন ধরে দখলে থাকা জেলা পরিষদের প্রায় ৫ কোটি টাকা মূল্যের জেলা পরিষদের সরকারি জমি অবশেষে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে জেলা পরিষদের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সাইনবোর্ড স্থাপনের মাধ্যমে জমিটির দখল পুনরুদ্ধার করেন।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে সজ্জনকান্দা মৌজার ১৫৬৫ ও ১৫৬৬ নম্বর দাগভুক্ত মোট ১১ শতাংশ ৬৬ লিংক জমি দীর্ঘদিন ধরে বেদখল অবস্থায় ছিল। জমিটির একটি অংশ পূর্বে লিজ নিয়ে ব্যবহার করা হলেও পরবর্তীতে তা ব্যক্তিগত দখলে চলে যায়।
স্থানীয়দের অভিযোগ, সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম দায়িত্ব পালনকালে পার্শ্ববর্তী জমি ক্রয়ের পাশাপাশি জেলা পরিষদের জমিটিও বাউন্ডারি ওয়ালের মধ্যে অন্তর্ভুক্ত করে দখলে নেন।
এ বিষয়ে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম মিয়া জানান, দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা জমিটি প্রশাসনিক উদ্যোগে পুনরুদ্ধার করা হয়েছে এবং সেখানে জেলা পরিষদের সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, জেলা পরিষদের সম্পত্তি রক্ষায় আমরা কঠোর অবস্থানে রয়েছি। পর্যায়ক্রমে সব বেদখল জমি উদ্ধার করা হবে। দীর্ঘ দিন পরে জেলা পরিষদের বেদখল জমি স্বল্প সময়ে উদ্বার করায় নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া রাাজবাড়ীবাসী প্রশংসা পেয়েছেন।
তিনি আরও জানান, উদ্ধারকৃত জমিটি ভবিষ্যতে বাণিজ্যিকভাবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এতে জেলা পরিষদের রাজস্ব আয় বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
এদিকে স্থানীয় হরিতলা মন্দির কমিটির সভাপতি অ্যাডভোকেট স্বপন সোম বলেন, বসুন্ধরা সিনেমা হল কর্তৃপক্ষ একসময় লিজ নিয়ে জমিটি ব্যবহার করলেও পরবর্তীতে তা ব্যক্তি দখলে চলে যায়। জেলা পরিষদের এই উদ্ধার কার্যক্রমকে তিনি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।