উচ্চশিক্ষার স্বপ্ন ছিল, ছিল সুন্দর একটি সংসার গড়ার প্রত্যাশা। এইচএসসি পাস করার পর অনার্সে ভর্তি হয়েছিলেন সবিতা রানী। ভালোবেসে গোপনে বিয়েও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কোনোটিই পূর্ণতা পায়নি। একদিকে স্বামীর সঙ্গে বিচ্ছিন্নতা, অন্যদিকে বিরল রোগে আক্রান্ত হয়ে শারীরিক যন্ত্রণা—সব মিলিয়ে কঠিন সময় পার করছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা এলাকার সবিতা রানী। জানা গেছে, সবিতা রানী এইচএসসি পাস করার পর অনার্সে ভর্তি হয়েছিলেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে শেষ পর্যন্ত তাঁর পড়াশোনা আর সম্পন্ন করা সম্ভব হয়নি। যে বয়সে তাঁর উচ্চশিক্ষা অর্জন ও ভবিষ্যৎ গড়ার কথা,সেই সময়ে তাঁকে প্রতিনিয়ত রোগের সঙ্গে লড়াই করতে হচ্ছে। সবিতা রানীর ভাষ্য অনুযায়ী,মাঝেমধ্যে জ্বরে আক্রান্ত হওয়ার পাশাপাশি পায়ে ব্যথা অনুভব করতেন তিনি। একপর্যায়ে ধীরে ধীরে ফুলতে শুরু করে তাঁর বাম পা। স্থানীয় চিকিৎসকদের কাছে গেলে ব্যথা কিছুটা কমত। তবে পরবর্তী সময়ে পায়ের ফোলা বাড়তে থাকে। প্রথমে বাম পা ফুললেও পরে আক্রান্ত হয় ডান পা-ও। শুরুতে পায়ের ফোলা স্বাভাবিক পর্যায়ে থাকলেও সময়ের সঙ্গে তা অস্বাভাবিক আকার ধারণ করে। এভাবেই ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। অন্যদিকে,ব্যক্তিগত জীবনেও সুখের দেখা পাননি সবিতা। ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেই সংসার টেকেনি।তার দাবি,শ্বশুরবাড়ির লোকজন তাঁদের বিয়ে মেনে নিতে রাজি ছিলেন না। এ কারণে তাঁর স্বামীও পরবর্তী সময়ে আর যোগাযোগ করেননি। সবিতা রানীর এমন পরিস্থিতির খবর পেয়ে তাঁর বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছেন জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ শামীম কামাল। এ সময় তিনি সবিতা রানীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ শামীম কামাল আশ্বাস দেন, সবিতা রানীর চিকিৎসার শেষ পর্যন্ত তাঁর পাশে থাকবে জনতার দল। তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন তিনি। এদিকে, বিরল রোগে আক্রান্ত সবিতা রানীর চিকিৎসা ও সুস্থতার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং মানবিক হৃদয়ের মানুষদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।