Blog

  • ধর্মীয় অনুষ্ঠানে অর্থ সহায়তা  করলো সিন্দুকছড়ি জোন

    ধর্মীয় অনুষ্ঠানে অর্থ সহায়তা করলো সিন্দুকছড়ি জোন

    খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন আর্থ-সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

    এরই ধারাবাহিকতায় আজ বুধবার ০৪ মার্চ দুপুরে গুইমারা সিন্দুকছড়ি ইউনিয়নের মুড়াপাড়া এলাকায় ত্রিপুরা সম্প্রদায় কর্তৃক আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের “শ্রীশ্রী সার্বজনীন মহাযজ্ঞ” অনুষ্ঠান চলাকালে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহনশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশ সেনাবাহিনী অর্থ সহায়তা প্রদান এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।

    উক্ত অনুষ্ঠানে সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মাজহার হোসেন রাব্বানী এবং ক্যাপ্টেন মোঃ আসিফ বিন ফারুক উপস্থিত থেকে অনুষ্ঠান পরিদর্শন করেন। অনুষ্ঠান সফল বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা হিসেবে আয়োজকদের নিকট নগদ অর্থ প্রদান করা হয়। পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

    বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের সকল ধর্মাবলম্বীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে তারা সর্বদা প্রস্তুত। এ ধরনের উদ্যোগ পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়।

    স্থানীয় আয়োজকবৃন্দ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

  • খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে স্মারকলিপি প্রদান

    খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে স্মারকলিপি প্রদান

    খুচরা সার বিক্রেতাদের অব্যাহতি দিয়ে প্রণীত বৈষম্যমূলক “সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫”–এর কার্যক্রম স্থগিত করে খুচরা বিক্রেতাদের অন্তর্ভুক্ত করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। পরে আবার দুপুর ১টা ২০ মিনিটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাগড়াছড়ি-এর উপ-পরিচালকের কার্যালয়ে কৃষিমন্ত্রী বরাবর আরেকটি স্মারকলিপি প্রদান করা হয়। এসময় খুচরা সার বিক্রেতাদের পক্ষে উপস্থিত ছিলেন খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক-১ ও খাগড়াছড়ি জেলা শাখার সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন, জেলা শাখার সভাপতি ও সদর উপজেলা শাখার সভাপতি কনক ব্রত ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক ও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. হানিফ, জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম, জেলা সহ-সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র মজুমদার এবং সহ-সাংগঠনিক সম্পাদক ও মাটিরাঙ্গা উপজেলা সাধারণ সম্পাদক আ. করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রস্তাবিত নীতিমালায় খুচরা সার বিক্রেতাদের বাদ দেওয়া হলে সার সরবরাহ ব্যবস্থায় জটিলতা সৃষ্টি হবে এবং প্রান্তিক কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। তাই নীতিমালার কার্যক্রম স্থগিত করে খুচরা বিক্রেতাদের অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

  • হোসেনপুরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি: ডিলারকে জরিমানা

    হোসেনপুরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি: ডিলারকে জরিমানা

    হোসেনপুর কৃষকদের স্বার্থ সুরক্ষায় এবং সার বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কিশোরগঞ্জের হোসেনপুরে বাজার মনিটরিং অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) উপজেলার গোবিন্দপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
    ​অভিযানে নেতৃত্ব দেন হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো: মোহসী মাসনাদ।

    ​মাঠ পর্যায়ে কৃষকরা যেন ন্যায্যমূল্যে সার সংগ্রহ করতে পারেন, তা নিশ্চিত করতে নিয়মিত তদারকির অংশ হিসেবে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, গোবিন্দপুর বাজারের এক সার ডিলার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে ইউরিয়া সার বিক্রি করছেন।
    ​ভোক্তা অধিকার ও সরকারি নির্দেশনা লঙ্ঘনের দায়ে উক্ত ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়।

    ​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো: মোহসী মাসনাদ জানান:
    ​”কৃষকরা আমাদের অর্থনীতির প্রাণ। তাদের স্বার্থ সুরক্ষায় এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রুখতে এই ধরনের তদারকি অব্যাহত থাকবে। সরকার নির্ধারিত দামের চেয়ে এক টাকাও বেশি নেওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে না।”
    ​অভিযানকালে প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এলাকার সাধারণ কৃষকরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

  • মানবতা ও সমাজ কল্যাণে সহায়তায় সিন্দুকছড়ি জোন

    মানবতা ও সমাজ কল্যাণে সহায়তায় সিন্দুকছড়ি জোন

    খাগড়াছড়ির গুইমারা সিন্দুকছড়ি ইউনিয়ন এলাকার দায়িত্বপ্রাপ্ত ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে আর্থ-সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

    এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবান (০৩ মার্চ) সকালে সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারের গৃহনির্মাণের জন্য রঙিন ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

    উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের সুকান্ত মহাজন পাড়ায় যুব লক্ষ্মী ত্রিপুরা নামক এক অসহায় নারীর বসতঘর রান্নাঘরের চুলার আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে সম্পূর্ণরূপে পুড়ে যায়। যদিও এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি, তবে তার বসতবাড়ি ও প্রয়োজনীয় আসবাবপত্র সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।

    ঘটনার সংবাদ পেয়ে সিন্দুকছড়ি জোনের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ ও শীতবস্ত্র প্রদান করে।

    পরবর্তীতে গৃহহীন পরিবারটির পুনর্বাসনের লক্ষ্যে আজ সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে মেজর মোঃ শাইয়েন কাদির কর্তৃক রঙিন ঢেউটিন ও পুনরায় নগদ অর্থ প্রদান করা হয়।

    এ সময় স্থানীয় কারবারি, ইউপি সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    উপস্থিত সকলে সিন্দুকছড়ি জোনের এ মানবিক ও দায়িত্বশীল উদ্যোগের প্রশংসা করেন এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

  • জীবননগরে ১ যুবকের কারাদণ্ড ও জরিমানা

    জীবননগরে ১ যুবকের কারাদণ্ড ও জরিমানা

    চুয়াডাঙ্গার জীবননগরে দুই পিস ইয়াবাসহ আটক মো. আশিক (২১) নামের এক যুবককে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল জীবননগর মকসুদ সুপার মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই কারাদণ্ড ও জরিমানা করেন।
    মো. আশিক জীবননগর পৌরসভার তেতুলিয়ার গ্রামের বাসিন্দা। তিনি আরিফ উদ্দীনের ছেলে।
    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুরে দোকানে আশিককে দুই পিস ইয়াবাসহ আটক করে জীবননগর থানা-পুলিশ৷ পরে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেলকে খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১) (গ) ধারা লঙ্ঘন একই আইনের ৩৬(১) সারণীর ১৬ ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।
    জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, মাদকসহ আটকের পর ইউএনও স্যারকে খবর দেওয়া হয়। পরে ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৩ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। তাকে কারাগারে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের কার্যক্রম নিয়মিত চলবে।

  • জীবননগরে জামায়াত কর্মী হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

    জীবননগরে জামায়াত কর্মী হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

    চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহে পূর্ব বিরোধের জেরে জামায়াত ও বিএনপি মধ্যে সংঘর্ষে জামায়াত কর্মী হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনায় প্রধান আসামি মেহেদী হাসানকে (৩৫) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ সোমবার সকালে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মেহেদী হাসাদহ বাজার পাড়ার জসীমউদ্দীনের ছেলে।
    ডিবি পুলিশ সূত্র জানিয়েছে, গ্রেপ্তার মেহেদী হাসানকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
    জানা গেছে, হাফিজুর রহমান হত্যা মামলার ঘটনায় তার ভাই আমির হোসেন ৯ জনের নাম উল্লেখ করে জীবননগর থানায় একটি এজহার দিয়েছে।
    এ বিষয়ে জানতে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখকে ফোন করা হলে তিনি ধরেননি।
    এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা ও জীবননগর সার্কেল) মো. আনোয়ারুল কবীর বলেন, হাসাদাহের ঘটনায় রোববার এজহার হয়েছে। ওটা মামলা রেকর্ডের প্রক্রিয়া চলমান। কতজন আসামি জানতে চাইলে তিনি বলেন, এজহার দেখতে হবে। খুব সম্ভব ৯ জন এজহারনামীয় আসামি। আর ৭-৮ জন অজ্ঞাতনামা আসামি। হত্যা মামলা হচ্ছে।
    এর আগে গত শনিবার রাতে থানায় অভিযোগ দিতে গিয়ে হামলার শিকার হন হাসাদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাষ্টার ও মেহেদীর বাবা জসীমউদ্দীন। পরে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। এ বিষয়ে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা ও জীবননগর সার্কেল) মো. আনোয়ারুল কবীর বলেন, থানাতে হামলা হয়েছে বলতে, একজন জসিম ওনাকে আটক করা হয়েছিল। থানা-পুলিশ আটক করেছিল। আরেকজন সম্ভবত থানায় গিয়েছিল ওনাকে সম্ভবত জামায়াতের লোকজন জাপটে ধরেছিল। ওসি সাহেব আমাকে এমনটি বলেছিল। পরে তাদের ৫৪-এ চালান দিয়েছিলাম। তারা দুজনই এজহারনামীয় আসামি। আজকে যে এজহার দায়ের হয়েছে তারা সেখানে এজহারনামীয় আসামি। একজন ৬ নম্বর আসামি আরেকজন ৯ নম্বর আসামি।

  • জনস্বার্থে হোসেনপুর পৌর প্রশাসনের বিশেষ অভিযান ও নির্দেশনা

    জনস্বার্থে হোসেনপুর পৌর প্রশাসনের বিশেষ অভিযান ও নির্দেশনা

    আজ হোসেনপুর পৌর বাজারের নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা এবং জনদুর্ভোগ লাঘবে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে পৌর প্রশাসন। বাজার দর স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্য নিশ্চিত করতে সহকারী কমিশনার (ভূমি) ও হোসেনপুর পৌর প্রশাসক জনাব মোহসী মাসনাদ এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। ​অযৌক্তিক মূল্যবৃদ্ধি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
    ​অবৈধভাবে ফুটপাত দখলমুক্ত করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ন্যায্যমূল্যে পণ্য বিক্রির বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। যানজট নিরসনে নতুন সিদ্ধান্ত শহরের যানজট কমানো ও সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্যে চলাফেরা নিশ্চিত করতে ৪টি পয়েন্ট থেকে শহরের ভেতরে অটোরিক্সা প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখন থেকে মূল শহরের যানজটমুক্ত পরিবেশে কেনাকাটা ও যাতায়াত করা সম্ভব হবে।স্বেচ্ছাসেবীদের ভূমিকা এই শৃঙ্খলা বজায় রাখতে এবং প্রশাসনকে সহযোগিতা করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন BNCC-এর সদস্যবৃন্দ। তাদের এই পরিশ্রমী উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।
    ​পৌরবাসীর প্রতি অনুরোধ: শহরকে সুন্দর, যানজটমুক্ত এবং সচল রাখতে প্রশাসনের এই মহৎ উদ্যোগে সহযোগিতা করুন। নিজে সচেতন হোন এবং সঠিক মূল্যে পণ্য ক্রয় নিশ্চত করুন।

  • পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা

    পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী দীপেন দেওয়ান এর সাথে সচিবালয়ে তাঁর নিজ দপ্তরে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমুল দলের কেন্দ্রিয় নেতৃবৃন্দ।
    বৃহস্প্রতিবার সকালে কেন্দ্রীয় কমিটির সভাপতি হানিফ বেপারীর নেতৃত্বে সচিবালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

    সাক্ষাৎকালে সভাপতি, কেন্দ্রিয় কমিটির সহ-সাধারন সম্পাদক রামগড়ের কৃতি সন্তান আব্দুল মতিন সহ নেতৃবৃন্দ মন্ত্রী মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পাহাড়ের শিক্ষা, সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়নে তাঁদের বলিষ্ঠ নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। নেতৃবৃন্দ পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন ও শান্তি রক্ষায় মন্ত্রণালয়ের আগামী দিনের সকল ইতিবাচক পদক্ষেপে তৃণমুল বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

    শুভেচ্ছা বিনিময়কালে আরো উপস্থিত ছিলেন কমিটি অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ।

    সাক্ষাৎকালে মন্ত্রী দীপেন দেওয়ান এই সৌজন্যের জন্য ধন্যবাদ জানান। তাঁরা বলেন, “পার্বত্য চট্টগ্রামে কোনো বিভেদ বা ভেদাভেদ নয়, বরং আমাদের লক্ষ্য একটি অন্তর্ভুক্তিমূলক (Inclusive) সমাজ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা। পাহাড়ে বসবাসরত সকল জাতি-গোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

    তাঁরা আরও যোগ করেন যে, পাহাড়ের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে সরকারের পাশাপাশি তৃনমুল বিএনপির মতো সংগঠনগুলোর গঠনমূলক পরামর্শ ও ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত জরুরি।

  • টিকটকের প্রেমে ময়মনসিংহের তরুণীকে পাংশায় ডেকে সংঘবদ্ধ ধর্ষন,থানায় মামলা

    টিকটকের প্রেমে ময়মনসিংহের তরুণীকে পাংশায় ডেকে সংঘবদ্ধ ধর্ষন,থানায় মামলা

    রাজবাড়ীর পাংশা উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে ২২ বছর বয়সী এক তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পাংশা থানাধীন সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের সরকারি আশ্রয়ণ কেন্দ্রের একটি কক্ষে এ ঘটনা ঘটে।

    এ বিষয়ে পাংশার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের মকবুল মণ্ডলের ছেলে আকাশ মন্ডল(২৮) এবং একই ইউনিয়নের বাজেয়াপ্ত বাগলী গ্রামের মো. আরশেদ মণ্ডলের ছেলে জামাল মন্ডলের নামে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।

    ভুক্তভোগী তরুণী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি গাজীপুর মহানগর এলাকায় বসবাস করছেন।

    অভিযোগ ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের জয়নাল শেখের ছেলে সজল (২৩)-এর সঙ্গে প্রায় সাত মাস আগে টিকটকের মাধ্যমে তার পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৪ ফেব্রুয়ারি তাদের সম্পর্কের অবসান ঘটে। এরপর সজলের বন্ধু আকাশ মণ্ডল তাকে ফোন করে পাংশায় এলে সজলের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেয়।

    এর প্রেক্ষিতে ভুক্তভোগী গাজীপুর থেকে পাংশায় আসেন। পরে তাকে সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের সরকারি আশ্রয়ণ কেন্দ্রের একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে আকাশ মণ্ডল ও জামাল মণ্ডল পর্যায়ক্রমে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। এ সময় তার কাছে থাকা নগদ ১০ হাজার টাকা ও স্বর্ণের কানের দুল নিয়ে নেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

    এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
    ভোক্তভোগী তরুনীকে রাাজবাড়ী সিএস অফিসে মেডিক্যাল টেষ্ট্র পাঠানো হয়েছে।

    পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ঢালারচর উছওয়াতুন হাসানা হাফিজিয়া মাদরাসার দুরাবস্থা

    ঢালারচর উছওয়াতুন হাসানা হাফিজিয়া মাদরাসার দুরাবস্থা

    পদ্মার ঢালারচর উছওয়াতুন হাসানা হাফিজিয়া মাদারাসা দীর্ঘ ৫ বছর যাবৎ প্রতিষ্ঠা হলেও অর্থের অভাবে পরিচালনা করা কষ্টকর হয়ে পরেছে। মাদরাসাটির প্রধান মহাদ্দেস্ আলহাজ হাফেজ মওলানা মো: আবু বকর সিদ্দিক জানান, মাদরাসাটি পদ্মার চর বেড়ার আমিনপুর গ্রামে প্রতিষ্ঠিত। মাদরাসাটিতে বর্তমানে ৮৫ জন শিশু শিক্ষার্থী কোরআনের তালিম গ্রহন করছে। একটিমাত্র টিনের ঘরে শিক্ষার্থীদের পড়া লেখার স্থান সংকুলান হচ্ছে না।ফলে মাদরাসাটির কেটি পাকা ভবন নির্মান একান্ত প্রয়োজন। চরাঞ্চলের সামান্য সাহায্যে এযাবৎকাল মাদরাসাটি টরিচালিত হয়ে আসছে। মাদরাসাটির তিনজন মহাদ্দেছ থাকলেও তারা নিয়মিত ভাতা নিতে পারচ্ছেন না। তাই ওই মাদরাসাটি সুষ্ঠভাবে পরিচালনার জন্য হৃদয়বান মুসলিম ভাই-বোনদের প্রতি তাদের রোজায় যাকাত এবং আর্থিক অনুদানের জন্য মাসরাসার কৃর্তপক্ষ আকুল আবেদন করেছেন।
    এছাড়াও এককালিন আর্থিক অনুদানের মাধ্যমে দরিদ্র ছাত্র-ছাত্রীদের পড়ালেখার খরচ যোগানের জন্য অর্থ দান করে দ্বীনের এই মহান খেদমতে শরীক হয়ে সাদকায়ে জারীরার অশেষ সওয়াব হাসিল করুন। যোগাযোগ – ০১৭৩১৩০৬৬৬৩