সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাট শহরের সোহরাওয়ার্দী মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়াটি পরিদর্শন করেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।
সার্বিক দিকনির্দেশনায় আয়োজিত এ মহড়ায় ৬৬ পদাতিক ডিভিশনের বিভিন্ন ইউনিট অংশগ্রহণ করে। মহড়ার মাধ্যমে নির্বাচনকালীন সম্ভাব্য সহিংসতা মোকাবিলা, দাঙ্গা নিয়ন্ত্রণ, সন্দেহজনক পরিস্থিতি সামাল দেওয়া, গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, দ্রুত প্রতিক্রিয়া এবং সমন্বিত অভিযানের কৌশল প্রদর্শন করা হয়।
বাস্তব পরিস্থিতির আদলে আধুনিক সরঞ্জাম ব্যবহার করে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। সেনাবাহিনীর এই মহড়ার মূল উদ্দেশ্য হলো সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ সৃষ্টি করা এবং নির্বাচনকালীন দায়িত্ব পালনে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করা।
মহড়ার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা ও কার্যকর প্রস্তুতির সক্ষমতা স্পষ্টভাবে ফুটে ওঠেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে প্রস্তুত।
এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট ইউনিটের কমান্ডার ও সদস্যরা উপস্থিত ছিলেন। মহড়াটি প্রত্যক্ষ করা লালমনিরহাটের সাধারণ জনগণ সেনাবাহিনীর এই প্রস্তুতিকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের মহড়া নির্বাচনকে ঘিরে জনমনে স্বস্তি ও আস্থার বার্তা পৌঁছে দিবে।